নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্র পরিদর্শনের সময় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীকে হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে হামলা চালিয়েছে বলে তার অভিযোগ। শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বিএনপির লোকজন রড দিয়ে তাকে মারছে, তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, ফোন ভেঙে ফেলেছে এবং তার ড্রাইভারকেও মারধর করা হয়েছে। হামলাকারীরা শ্যামলীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অন্য একজনের মোবাইলও জবরদস্তি নিয়েছে। অভিযোগে বলা হয়, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে কিছু ব্যক্তি বঁটি, রামদা ও শটগান নিয়ে অবস্থান নেন এবং হামলা চালান। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান দাবি করেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। তবে বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় কিছু কথা কাটাকাটি হয়েছে, কিন্তু কাউকে হামলা করা হয়নি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য এখনও পাওয়া যায়নি।
সংবাদ লোড হচ্ছে...





